ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমসংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় তিন হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য নেশন-এর প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে গত বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদকে অবহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
কর্তৃপক্ষ আইনপ্রণেতাদের জানিয়েছে, অনলাইন কনটেন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম সংক্রান্ত সংযুক্ত আরব আমিরাতের আইন লঙ্ঘনের কারণেই এসব বহিষ্কারের ঘটনা ঘটেছে।
সরকার আরও জানিয়েছে, বহিষ্কৃত ব্যক্তিদের সম্পদ ও অন্যান্য মালামাল প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসারে তাদের বৈধ উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
সম্পত্তি হস্তান্তর বা এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে কোনো পরিবার সমস্যার মুখোমুখি হলে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জাতীয় পরিষদকে আশ্বস্ত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া বিদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার। বিশেষ করে অনলাইন কার্যক্রম, ডিজিটাল কনটেন্ট এবং জনসমক্ষে যোগাযোগসংক্রান্ত নিয়মের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশন অব ওভারসিজ পাকিস্তানিসের তথ্য অনুযায়ী, প্রায় ১৮ লাখ পাকিস্তানি সংযুক্ত আরব আমিরাতে বসবাস ও কাজ করেন। এসব প্রবাসী প্রতিবছর ৬০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠান।
এদিকে ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।