• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম


মার্কিন-ইরান সমঝোতা মুক্ত বিশ্বের জন্যও হুমকি, দাবি ইসরাইলি অর্থমন্ত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুন ২০২৬ ১২:২৯ এএম

পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ইসরাইল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে দাবি করেছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে স্মোট্রিচ বলেন, ইরানকে দুর্বল করার লক্ষ্যে পরিচালিত যৌথ অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে এবং সেই অর্জনগুলো কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ইসরাইলকে নিজস্ব উদ্যোগে এবং ভিন্নধর্মী উপায়ে দেশটির বর্তমান সরকারকে উৎখাতের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

একই সঙ্গে তিনি দাবি করেন, লেবানন সীমান্তে ইসরাইল একটি বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে। হিজবুল্লাহকে সীমান্ত এলাকা থেকে দূরে সরিয়ে দিতে ইসরাইলি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে তিনি নিজের অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান।

এর আগে রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়।

তবে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণার পরও সোমবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা অব্যাহত ছিল। লেবাননের সরকারি হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত তিন হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার ৫০০ জন। এছাড়া আরও ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।