• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১০:৪৫ এএম


ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা সমঝোতা, ছাড় হচ্ছে ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুন ২০২৬ ১১:২২ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। সোমবার (১৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, সমঝোতা অনুযায়ী আলোচনার শুরুতেই ইরানের ১২ বিলিয়ন ডলারের আটকে থাকা সম্পদ ছাড় করবে যুক্তরাষ্ট্র।

মেহর নিউজের প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে, সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পর ৬০ দিনের আলোচনা চলাকালে মোট ২৪ বিলিয়ন ডলারের আটকে থাকা ইরানি সম্পদ ছাড় করা হবে।

তবে সংবাদ সংস্থাটি জানিয়েছে, এই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

প্রকাশিত নথিতে বলা হয়েছে, আলোচনার সূচনাতেই মোট অর্থের অর্ধেক ইরানের জন্য সহজলভ্য করতে হবে। অর্থাৎ প্রথম ধাপে ১২ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়টি সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

এর আগে বিভিন্ন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত ইরানের কয়েক বিলিয়ন ডলার ছাড় করতে সম্মত হয়েছে।

দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত মোট ১০ বিলিয়ন ডলার ছাড় করতে সম্মত হয়েছে, যার মধ্যে ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।

তবে এই ব্যবস্থার সঙ্গে পরিচিত আরও দুটি সূত্র জানিয়েছে, মোট তহবিলের পরিমাণ ২০ বিলিয়ন ডলার হতে পারে।

সূত্রগুলোর দাবি, সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের হামলা বন্ধের বিনিময়ে এই সমঝোতা হয়েছে।

এ বিষয়ে অবগত একটি সূত্র জানায়, প্রথম কিস্তি হিসেবে ৩ বিলিয়ন ডলার ইতোমধ্যে প্রদান করা হয়েছে।

তবে এই অর্থ সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়েছে নাকি দেশটির ব্যাংকিং ব্যবস্থায় বা অন্য কোথাও দীর্ঘদিন ধরে আটকে থাকা ইরানি সম্পদের অংশ, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

/এএসএফ