• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ এএম


গাজায় তাঁবুতে বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলের বো|মা হাম|লায় নিহ|ত ৬

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুন ২০২৬ ১২:০০ এএম

ফিলিস্তিনের গাজা নগরীতে একটি তাঁবুতে চলা বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জনের বেশি মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ শনিবার এ তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা তাঁবু এবং এর আশপাশে একাধিক বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের পর বোমার ধাতব টুকরা ও বিস্ফোরক পদার্থ চারদিকে ছড়িয়ে পড়ে।

গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, এ হামলায় আহত হয়েছেন ১২ জনের বেশি মানুষ। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, হতাহতদের মধ্যে নারী ও শিশু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আহতদের অবস্থা বিবেচনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত পশ্চিম তীরে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

প্রতিবেদন অনুযায়ী, শিশুটি তার মা–বাবার সঙ্গে একটি গাড়িতে ছিল। শুক্রবার হেবরন শহরের তেল রুমেইদা এলাকায় সেনাদের নির্দেশে গাড়িটি থামানো হলেও এরপরও তাতে গুলি চালানো হয়।

নিহত শিশুটির নাম সাম ফাহ্দ আবু হাইকাল। শিশুটির বাবা জানান, ছোড়া গুলি তাঁর হাত ভেদ করে সন্তানের শরীরে গিয়ে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হন শিশুটির মা–বাবাও। তাঁদের হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।