• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম


শুভেন্দু সরকারের নতুন সিদ্ধান্ত, কোরবানি ঈদে ছুটি মাত্র একদিন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ১১:৩৩ পিএম

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর কোরবানি ঈদের ছুটিতে কাটছাঁট করেছে নতুন প্রশাসন। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকার ২০২৬ সালের শুরুতে ঈদ উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করেছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

শনিবার (২৩ মে) রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জানান, কোরবানি ঈদে একদিনই সরকারি ছুটি থাকবে। আগামী ২৮ মে ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার বিষয়েও জোর দিচ্ছে নতুন সরকার।

সরকারি দপ্তরে ফাঁকিবাজি ও অতিরিক্ত ছুটির সংস্কৃতি কমিয়ে দ্রুত জনসেবা নিশ্চিত করার বার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মীদের অফিসে উপস্থিতির সময় নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সাধারণত বছরের শুরুতেই সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলাকালে প্রকাশিত ছুটির তালিকায় বকরি ঈদের জন্য ২৬ ও ২৭ মে—এই দুই দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল।

তবে শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার একদিনের ছুটি রাখা হয়েছে।

নতুন এ সিদ্ধান্তের পর সরকারি কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সামনে দুর্গাপূজার দীর্ঘ ছুটির তালিকাতেও কোনো ধরনের কাটছাঁট আনা হতে পারে কি না।

/এসএন