• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম


সমালোচনার মুখে জ্যোতিষীর নিয়োগ বাতিল করল থালাপতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ মে ২০২৬ ৪:৪৯ পিএম

তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) সমালোচনার মুখে তাদের নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে এসেছে। দলটি জ্যোতিষী রাধান পণ্ডিত ভেত্রিভেলকে ‘অফিসার অন স্পেশাল ডিউটি (পলিটিক্যাল)’ পদ থেকে সরিয়ে দিয়েছে।

রাধান পণ্ডিত ভেত্রিভেলকে দলীয় প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের দপ্তরে বিশেষ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এই নিয়োগ প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধী দলগুলোর পাশাপাশি বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এমনকি টিভিকের গুরুত্বপূর্ণ মিত্র বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে)-এর মধ্যেও এ নিয়ে অসন্তোষ দেখা দেয়।

ভিসিকে দলটি তাদের দুই আসনের সমর্থন দিয়ে বিজয় সরকারকে আস্থাভোটে সহায়তা করেছিল। ফলে জোটের ভেতর থেকেও চাপ তৈরি হয় বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

নিয়োগ বাতিলের আগে টিভিকে নেতা সি টি নির্মল কুমার সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, রাধান পণ্ডিত ভেত্রিভেল মূলত দলের মিডিয়া মুখপাত্র হিসেবে কাজ করার কথা ছিল। তার ভাষ্য অনুযায়ী, ভেত্রিভেলের পেশাগত পরিচয়কে বিবেচনায় রেখে এই নিয়োগ দেওয়া হয়নি।

সি টি নির্মল কুমার বলেন, ‘তিনি আমাদের মিডিয়া পারসন, মিডিয়া মুখপাত্র। তিনি যেকোনো পেশা থেকে আসতে পারেন। তাকে মিডিয়া হ্যান্ডলার হিসেবেই নিয়োগ দেওয়া হয়েছিল।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাধান পণ্ডিত ভেত্রিভেল আগে থেকেই বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করে আসছিলেন। এমনকি তার পরামর্শেই অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয় শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছিলেন বলেও দাবি করা হয়।

বুধবার (১৩ মে) সকালে নাটকীয় আস্থাভোটে বিজয় সরকারের জয় নিশ্চিত হওয়ার পরপরই এই নিয়োগ নিয়ে বিতর্ক আরও তীব্র আকার ধারণ করে। পরে পরিস্থিতির চাপে টিভিকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং রাধান পণ্ডিত ভেত্রিভেলের নিয়োগ প্রত্যাহার করে নেয়।

/এসএন