ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের সীমানা দেওয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মঙ্গলবার মার্গুদেবী মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। মঙ্গলবারও এর ব্যতিক্রম হয়নি। সন্ধ্যার সময় মন্দির প্রাঙ্গণে প্রায় ৩৫০ জন ভক্ত উপস্থিত ছিলেন।
সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানিয়েছেন, সন্ধ্যার দিকে এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড় শুরু হয়। তখন মন্দির চত্বরে থাকা লোকজন সীমানা দেওয়ালের পাশে থাকা একটি টিনশেডের নিচে আশ্রয় নেন।
একপর্যায়ে হঠাৎ করে দেওয়ালের একটি অংশ এবং টিনশেড ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
/এইচটি