আন্তর্জাতিক ডেস্ক:
চলমান আঞ্চলিক সংঘাত নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো কার্যকর পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
গালিবাফ বলেন, ইরানের ১৪ দফা প্রস্তাবে দেশটির জনগণের অধিকার ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তার দাবি, এই প্রস্তাব মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো সমাধান কার্যকর হবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি অন্য কোনো পথ অনুসরণ করতে চায়, তাহলে তা কেবল নতুন ব্যর্থতার জন্ম দেবে।
মার্কিন প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের এই শীর্ষ নেতা বলেন, ওয়াশিংটন এই প্রস্তাব মেনে নিতে যত বেশি সময় নেবে, মার্কিন করদাতাদের খরচও তত বাড়বে।
তবে ইরানের প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।