• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর, সন্ত্রাস ও মাদক দমনে এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ৯:৩১ এএম

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি শুক্রবার (৮ মে) দুই দিনের সফরে ঢাকা আসছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের বিভিন্ন ইস্যুতে যোগাযোগ বাড়ার প্রেক্ষাপটে সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন সফর উপলক্ষে বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।

সূত্র জানায়, মহসিন নাকভি ভোর ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৩৪২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফর শেষে তিনি ৯ মে রাত ৮টা ১০ মিনিটে বিজি–৩৪১ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। ৫ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো নোট ভারবালে মন্ত্রীর নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রটোকল নিশ্চিতের অনুরোধ জানানো হয়।মহসিন নাকভির সঙ্গে তার স্ত্রীও সফরে আসছেন। তাদের স্বাগত জানাতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপহার হিসেবে দেশীয় তাঁতের শাড়ি ও পাঞ্জাবি নির্ধারণ করা হয়েছে।সফরকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে মহসিন নাকভির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস দমনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আন্তর্দেশীয় অপরাধ দমন, গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার নিরাপত্তা এবং ক্রিকেটে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।শুক্রবার দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ সন্ত্রাস ও মাদকবিষয়ক এমওইউ স্বাক্ষরের পর দুই দেশের মন্ত্রী ও প্রতিনিধিদল মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে মহসিন নাকভি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে দুই দেশের ক্রিকেট সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

/বিএসএস