• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম


‘হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ৫:৫০ পিএম

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, দেশটি খুব শিগগিরই একটি বড় ধরনের বিজয় উদযাপনের দিকে এগোচ্ছে। তার দাবি, জনগণের এই বিজয়ের মধ্য দিয়েই ইরানের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের অবসান ঘটবে।

বৃহস্পতিবার (৭ মে) যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি এবং শিপিং লাইনস পরিদর্শনকালে মোহাম্মদ রেজা আরেফ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে জোরালো অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, এই প্রণালি ইরানের একচ্ছত্র অধিকার এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে।

তিনি আরও বলেন, ইরান কোনো ধরনের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না। বরং অঞ্চলটিকে একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে রূপ দিতে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে তেহরান। তবে তার মতে, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে থাকলেই কেবল এই জলপথ নিরাপদ থাকবে।

পরিদর্শনকালে আরেফ আমেরিকা ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে চিকিৎসাকেন্দ্র এবং ওষুধ উৎপাদনকারী কারখানাগুলোতে হামলার তীব্র নিন্দা জানান। তিনি ক্ষতিগ্রস্ত শিল্প ও স্বাস্থ্য স্থাপনাগুলো দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেন এবং দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেন।

এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণাও দেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট।

/এসএন