সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান এবং প্রথমবারের মতো বিজেপির রাজ্য শাসনে উত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা, সংঘর্ষ ও উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতির অবনতির মধ্যে গত ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে ২০০টির বেশি এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত বুধবার জানান, নির্বাচন–পরবর্তী সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আগাম সুরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে আরও ১ হাজার ১০০ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানো, মারধর ও হুমকির অভিযোগ পাওয়া গেছে।
সিদ্ধনাথ গুপ্ত বলেন, ‘পুলিশের কাছে ২০০টির বেশি প্রাথমিক অভিযোগ (এফআইআর) জমা পড়েছে। এখন পর্যন্ত ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আগাম সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ১ হাজার ১০০ জনের বেশি মানুষকে আটক করেছি।’
তিনি আরও জানান, নির্বাচন–পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। একটি ঘটনা ঘটেছে নান্নুর এলাকায় এবং অন্যটি নিউ টাউনে। এ বিষয়ে সিদ্ধনাথ গুপ্ত বলেন, ‘দুটি ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা এ দুটি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’
এদিকে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা যে–ই করুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, দুষ্কৃতকারীদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। কলকাতা পুলিশের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি ১৫ জনকে আগাম সুরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে আটক করা হয়েছে।
এর মধ্যে বুধবার রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। হামলায় তাঁর গাড়িতে থাকা আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর মধ্যমগ্রাম ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
/এইচটি