• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম


শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ১২:৫৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন তাঁর গাড়িচালকও।

চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই। তিনি দীর্ঘদিন ধরে শুভেন্দুর আপ্তসহায়ক ও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন। রাজনৈতিক অঙ্গনে তাঁকে শুভেন্দুর ছায়াসঙ্গী হিসেবেও পরিচিত বলা হতো।

চন্দ্রনাথ বিমানবাহিনীর সাবেক কর্মী ছিলেন। চাকরি থেকে অবসরের পর শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি রাজনীতিতে যুক্ত হন। এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনের দায়িত্বও তাঁকে দিয়েছিলেন শুভেন্দু।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতকারীরা চন্দ্রনাথের গতিবিধির ওপর নজরদারি করছিল। বুধবারও একটি গাড়ি নিয়ে তাঁর চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

রাতে চন্দ্রনাথ যখন দোহারিয়ার বাড়ির দিকে ফিরছিলেন, তখন একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তাঁকে অনুসরণ করে। তাঁর গাড়ি কলকাতা বিমানবন্দরের ১ নম্বর গেট অতিক্রম করে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় প্রবেশের সময় যশোর রোডের ডান পাশে একটি মোড়ে হামলাকারীরা গাড়ির গতি রোধ করে।

পুলিশ সূত্র জানায়, এ সময় পেছন থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চন্দ্রনাথের গাড়ির একেবারে কাছে গিয়ে সামনের আসনে বসা তাঁকে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়ে। সামনের কাচ ভেদ করে গুলি তাঁর শরীরে লাগে। এ ঘটনায় গাড়ির চালকও আহত হন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত চন্দ্রনাথকে দ্রুত নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই তাঁর মরদেহ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ অন্যান্য নেতারা। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও হাসপাতালে যান।

হত্যাকাণ্ডের ঘটনায় শুভেন্দু অধিকারী বলেছেন, এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দায়ীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বরপ্লেট শিলিগুড়ির হলেও সেটি ভুয়া বলে নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে বিজেপির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, এ ঘটনায় স্থানীয় কিছু তৃণমূল নেতার সম্পৃক্ততা থাকতে পারে।

/এইচটি