ছবি: সংগৃহীত
কেরালার রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। বামপন্থীদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা আসনে জয় পেয়েছেন ফাতেমা তাহলিয়া। তিনি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করেছেন।
৩৪ বছর বয়সী তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এই জয়ের মাধ্যমে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন নজির স্থাপন করেছেন।
কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরে কোজিকোড সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন।
তবে এই জয় অর্জনের পথ সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির মুখে পড়েন। বিশেষ করে হিজাব পরিহিত তরুণ মুসলিম নারী হিসেবে তাঁর সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। কিন্তু এসব প্রতিকূলতা অতিক্রম করে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে জয়লাভ করেন।
বিশ্লেষকদের মতে, পেরামব্রার মতো বামপন্থীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এই ফলাফল কেরালার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং নতুন বার্তা দিচ্ছে।