• ঢাকা
  • রোববার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম


“হরমুজ হবে মার্কিন বাহিনীর কবরস্থান!”—ইরানের হুঁশিয়ারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ মে ২০২৬ ৮:৫২ পিএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছে ইরান। মার্কিন বাহিনীকে ‘জলদস্যু’ আখ্যা দিয়ে হরমুজ প্রণালিকে তাদের জন্য ‘কবরস্থান’ বানানোর হুমকি দিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা।

ইরানের সাবেক আইআরজিসি কমান্ডার ও এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বক্তব্যে বলেন, “যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র জলদস্যু, যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে।”

তিনি দাবি করেন, জলদস্যুদের মোকাবিলার সক্ষমতা যেমন ইরানের রয়েছে, তেমনি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সামর্থ্যও তাদের কম নয়।

রেজায়ি আরও বলেন, “মার্কিন বিমানবাহী রণতরী ও বাহিনীর জন্য কবরস্থান তৈরি করা হচ্ছে,” এবং অতীতে ইসফাহানে মার্কিন বিমানের ধ্বংসাবশেষের কথাও উল্লেখ করেন।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে ঘিরে কঠোর অবস্থান তুলে ধরেছেন। তিনি সতর্ক করে বলেন, তেহরান ‘খারাপ আচরণ’ করলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলা চালাতে পারে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে একটি সম্ভাব্য চুক্তির ধারণা তাকে জানানো হয়েছে, তবে এখনও কোনো চূড়ান্ত খসড়া তার হাতে পৌঁছায়নি।

এর মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে Axios। ওই প্রস্তাবে এক মাসের মধ্যে যুদ্ধবিরতি, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর কথা বলা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করে স্থায়ী সমাধানে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে ইরানে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া, ক্ষতিপূরণ এবং মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে এই উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা পরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক তেল পরিবহনের বড় একটি অংশ সম্পন্ন হয়।