• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ এএম


মার্কিন অ/বরোধে আ/ট/কা ৪০ ই/রানি নাবিককে উদ্ধার করে দেশে ফেরাল শ্রীলঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ অক্টোবর ২০২৬ ৮:০০ পিএম

মার্কিন নৌ অবরোধের কারণে সাগরে আটকে থাকা ইরানি বাণিজ্যিক জাহাজগুলোর ৪০ নাবিককে জরুরি চিকিৎসাসেবা দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা। দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান করা জাহাজগুলোর কয়েকজন নাবিক অসুস্থ হয়ে পড়লে তাঁদের উদ্ধারে এই উদ্যোগ নেয় দেশটির কর্তৃপক্ষ।রোববার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসাসহায়তা চেয়ে ইরানি দূতাবাস কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শ্রীলঙ্কার কাছে অনুরোধ জানিয়েছিল। এরপর প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নাবিকদের তীরে আনা হয়।শনিবার (২৪ অক্টোবর) দক্ষিণ শ্রীলঙ্কার গল বন্দরে নাবিকদের নিয়ে আসা হয়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইরানি দূতাবাস ও স্থানীয় শিপিং এজেন্টরা নাবিকদের তীরে আনার জন্য পরিবহনের ব্যবস্থা করেন। অন্যদিকে, শ্রীলঙ্কার কর্তৃপক্ষ অভিবাসনসংক্রান্ত আনুষ্ঠানিকতা ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে। চিকিৎসা নেওয়ার পর নাবিকেরা ইরানে ফিরে যান।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাবিকেরা ১৯টি বাণিজ্যিক জাহাজে কর্মরত ছিলেন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব জাহাজের মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী ট্যাংকারও রয়েছে। তবে ঠিক কী ধরনের শারীরিক সমস্যার কারণে তাঁদের জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়।মার্কিন নৌ অবরোধের কারণে কয়েক মাস ধরে শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি অবস্থান করছে বেশ কয়েকটি ইরানি জাহাজ। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উপকূল থেকে প্রায় ২৪ নটিক্যাল মাইল দূরে ১৯টি জাহাজ অবস্থান করছিল। এসব জাহাজের নাবিকেরা খাদ্য, পানি ও জ্বালানির সংকটের কথাও জানিয়েছিলেন।এর আগে শ্রীলঙ্কা সরকার জানিয়েছিল, আটকে থাকা জাহাজগুলোকে সহায়তা দেওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার ঝুঁকি এবং নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছিল দেশটি। তবে জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দেওয়ায় এবার মানবিক বিবেচনায় নাবিকদের তীরে আনা ও দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। এ অভিযানের ব্যয় বহন করেছে ইরানি দূতাবাস।উল্লেখ্য, চলতি বছরের ৪ মার্চ শ্রীলঙ্কার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। ওই ঘটনায় বহু নাবিক নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী তখনও উদ্ধার অভিযান চালিয়ে জীবিত নাবিকদের সহায়তা করেছিল। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া নাবিকদেরও দেশে ফেরত পাঠানো হয়।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

/বিএসএস