ক্লাস ফাঁকি দিয়ে স্কুল বন্ধ রাখার উদ্দেশ্যে অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ এক পরিকল্পনা করেছিল এক কিশোরী শিক্ষার্থী। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই তার জন্য বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। ভারতের রাজধানী দিল্লির লোধি রোডে অবস্থিত ‘এয়ার ফোর্স বাল ভারতী স্কুলে’ বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে ইমেইল পাঠানোর পর পুলিশের হাতে ধরা পড়েছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানেরই এক নাবালিকা ছাত্রী।
শনিবার (২৪ অক্টোবর) দিল্লি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর স্কুল কর্তৃপক্ষের কাছে বোমা হামলার হুমকি-সংবলিত একটি ইমেইল পাঠানো হয়। ইমেইলটির বিষয়বস্তুতে লেখা ছিল, ‘আপনার ভবনে বোমা রাখা আছে’ (Bombs Placed in Your Building)।
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক বোমাতঙ্কের হুমকি দিয়ে ইমেইল পাঠানোর ঘটনা ঘটছিল। এমন পরিস্থিতিতে স্কুলটিতে আসা হুমকির বার্তাটি ঘিরে দ্রুত আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইমেইলটির প্রেরককে শনাক্ত করতে দিল্লি পুলিশ বিস্তারিত কারিগরি ও ডিজিটাল অনুসন্ধান শুরু করে। এ কাজে সাইবার ইউনিটের সহায়তা নেওয়া হয়। তদন্তের অংশ হিসেবে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ, আইপি অ্যাড্রেস এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সংযোগগুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়।
তদন্তের একপর্যায়ে পুলিশ নিশ্চিত হয়, হুমকিমূলক ইমেইলটি বাইরের কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে পাঠানো হয়নি। বরং স্কুলটিরই এক নাবালিকা ছাত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করে বার্তাটি পাঠানো হয়েছিল।
পুলিশের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা গেছে, কিশোরীটির উদ্দেশ্য ছিল না কোনো ক্ষতিকর কর্মকাণ্ড ঘটানো। বরং সেদিন যেন স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়, সেই আশায় ছুটি পাওয়ার জন্যই সে বোমাতঙ্কের নাটক সাজিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
দিল্লি পুলিশ আরও জানায়, অভিযুক্ত শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভারতের ‘জুভেনাইল জাস্টিস অ্যাক্ট’-এর প্রযোজ্য ধারাগুলো অনুসারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে।
/এসএন