পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যৌথ অভিযানে ২২ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত বিদ্রোহীদের অবস্থানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পালানোর চেষ্টা করলে বিদ্রোহীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয় বলে জানানো হয়েছে।
অভিযানে নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আইএসপিআর দাবি করেছে, নিহতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
বর্তমানে এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।