• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ এএম


স্টারলিংককে ‘যু’দ্ধের হাতিয়ার’ মনে করছে ইরান, কঠোর হচ্ছে ইন্টারনেট নিয়ন্ত্রণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ৬:৩৮ পিএম

স্টারলিংককে শত্রুপক্ষের ‘যুদ্ধের হাতিয়ার’ হিসেবে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা এবং ইন্টারনেট ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সাইবারস্পেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আমিন আগামিরি জানিয়েছেন, শত্রুপক্ষ কমান্ড ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা, গোয়েন্দা তৎপরতা এবং তথ্য সংগ্রহের কাজে স্টারলিংক ব্যবহার করছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশটিতে এই স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে স্টারলিংক ব্যবহার বা বিক্রির অপরাধে অর্থদণ্ড, কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে।

চলতি ২০২৪ সালে ইরান দুই দফায় দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে পড়েছে। বছরের শুরুতে জানুয়ারির বিক্ষোভের সময় টানা তিন সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল। পরে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর টানা ৮৮ দিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টারলিংকসহ নতুন ডিভাইসের কার্যক্রম নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ জোরদার করা হয়েছে। এর মধ্যে রয়েছে জিপিএস সংকেত বিঘ্নিত করতে জ্যামার ব্যবহার, ড্রোন অভিযান পরিচালনা এবং অবৈধভাবে সংগ্রহ করা ডিভাইস বাজেয়াপ্ত করা।

ইরানের প্রযুক্তি উপমন্ত্রী মোহাম্মদ হাফেজ হাকামি সতর্ক করে বলেছেন, কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই স্টারলিংক সেবার বিস্তার ঘটলে তা দেশটির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

এদিকে স্টারলিংক ইস্যুতে নরওয়ে ও যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির উদ্যোগ নিয়েছে ইরান। এ লক্ষ্যে ইতোমধ্যে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। পাশাপাশি আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে।

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানী জানিয়েছেন, সাইবার হামলা থেকে জাতীয় তথ্যভাণ্ডার সুরক্ষিত রাখতে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার হামলার ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

/এসএন