ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। সরকারকে উদ্দেশ করে ‘খেলা শুরু হয়ে গেছে’ মন্তব্যের মাধ্যমে তিনি নিজের অবস্থান তুলে ধরেছেন।
শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের ধরপাকড়, ব্যারিকেড স্থাপন এবং মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপের প্রতিবাদ জানাতে গিয়ে এ মন্তব্য করেন প্রকাশ রাজ।
দিল্লিতে সরকারের কড়াকড়ি আর আন্দোলনকারীদের আটকের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘খেলা শুরু হয়ে গেছে।’ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, ‘আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেন কাঁপছেন?’
এ সময় রসাত্মক ভঙ্গিতে নিজের অভিনীত ‘সিংহাম’ সিনেমার জনপ্রিয় সংলাপও ব্যবহার করেন প্রকাশ রাজ। মোদি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘চিটিং করতা হ্যায় তু’—যার অর্থ, ‘তুমি প্রতারণা করছ’।
দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের এই বিক্ষোভকে কেন্দ্র করে প্রকাশ রাজের পাশাপাশি বিনোদন ও সামাজিক অঙ্গনের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মোদি সরকারের পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন। তাদের মধ্যে পরিচালক অনুরাগ কাশ্যপও রয়েছেন।
মোদি সরকারের বিরুদ্ধে এসব বিশিষ্ট ব্যক্তি রাজপথে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সরকারের দমন-পীড়নের অভিযোগের বিরুদ্ধে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছেন।
/এসএন