যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের পাশে একটি অস্থায়ী তাঁবুতে সন্তানদের নিয়ে দিন কাটাচ্ছেন সামাহ আল-দাবলা। চারপাশের ধ্বংস আর আতঙ্কের মাঝেই তার জীবনে নতুন করে ভয় হয়ে উঠেছে ইঁদুরের আক্রমণ।
তার তিন বছরের মেয়ে ও চার বছরের ছেলেকে সবসময় নজরে রাখেন তিনি। ইঁদুর তাড়াতে নিয়মিত পরিষ্কার রাখার চেষ্টা করলেও কোনো উপকার পাচ্ছেন না। তার মতে, ইঁদুরগুলো দিন দিন আরও হিংস্র হয়ে উঠছে।
সামাহ মনে করেন, ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ খেয়ে এসব ইঁদুর এমন আচরণ করছে।
গাজায় ইসরাইলি হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানির পর এখন নতুন করে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লাশের কারণে ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে এবং রোগ ছড়ানোর আশঙ্কাও তীব্র হয়েছে। বাস্তুচ্যুত অসংখ্য পরিবার এখন এই সংকটের সঙ্গে লড়াই করছে।