মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নাগরিক ও অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য শেয়ার করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন।
সম্প্রতি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজ-এর ‘স্যাভেজ নেশন’ পডকাস্টের একটি অংশ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পুনরায় পোস্ট করেন ট্রাম্প। সেখানে ভারত ও চীন-কে ‘হেল-হোল’ বা ‘জাহান্নাম’ হিসেবে আখ্যায়িত করা হয়।
পডকাস্টে স্যাভেজ দাবি করেন, ভারত ও চীন থেকে আগত অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন। তিনি তাদের ‘ল্যাপটপধারী গ্যাংস্টার’ বলেও উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে, তারা যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান কাঠামোয় প্রভাব বিস্তার করছে।
এদিকে ভারত ও চীনের নাগরিকদের নিয়ে এমন মন্তব্যকে বিশ্লেষকরা বর্ণবাদী ও উস্কানিমূলক হিসেবে দেখছেন। অভিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকেও এসব বক্তব্যকে অপমানজনক বলে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এর আগে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান নেই—যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কানাডা, মেক্সিকোসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এই নিয়ম চালু রয়েছে।
বর্তমানে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি সীমিত করার চেষ্টা করছে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন তিনি।
তবে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কোনো ব্যক্তি নাগরিকত্ব পাওয়ার অধিকারী। এ নিয়ে ‘ট্রাম্প বনাম বারবারা’ নামে একটি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক এই পোস্ট আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক তৈরি করেছে এবং অভিবাসন ইস্যুতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।
সূত্র: এনডি টিভি