• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম


হরমুজ প্রণালী খুলতে ইরানের শর্তে সাড়া দিল যুক্তরাষ্ট্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩:৫৩ পিএম

চলমান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে কূটনৈতিক তৎপরতার মধ্যে ওয়াশিংটনের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে তেহরান। ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। বিষয়টি নিয়ে এর আগে কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান চলছিল।মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বুধবার মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে আরাকচি তার সাম্প্রতিক নিউইয়র্ক সফরের বিভিন্ন দিকও তুলে ধরেন। তবে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটির বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।নিউইয়র্ক সফরকালে আরাকচি ইউরোপীয় ও উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থান এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের শর্তগুলো নিয়েও আলোচনা করেন। এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া যেতে পারে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাত দিনের আস্থাবর্ধক পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে আরাকচির কাছে পৌঁছেছে। পরিকল্পনাটিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে আলোচনায় মূল বিরোধের একটি বিষয় হচ্ছে কোন পক্ষ আগে কী পদক্ষেপ নেবে—অর্থাৎ বিভিন্ন শর্ত বাস্তবায়নের ক্রম।এর আগে ২৬ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালী পুনরায় চালুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। ইরানের ওই প্রস্তাবে হরমুজ খুলে দেওয়ার পাশাপাশি যুদ্ধ-পরবর্তী ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর মতো বিষয় ছিল বলে আল-জাজিরা জানিয়েছে।তবে এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া নতুন প্রস্তাবটি ইরানের হরমুজ প্রণালী পুনরায় চালুর শর্তগুলোর সঙ্গে সরাসরি কীভাবে সম্পর্কিত, তা এখনো স্পষ্ট নয়। ইরানি কর্তৃপক্ষও প্রস্তাবটির সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করেনি। ফলে দুই দেশের আলোচনায় পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

/বিএসএস