হরমুজ প্রণালিতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তৃতীয় একটি জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বুধবার নুর নিউজ, ফার্স ও মেহর বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, “ইউফোরিয়া” নামের একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা নৌযানটির বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে, জাহাজটি ইরানের উপকূলের কাছে “আটকা” পড়েছে।
একই ঘটনায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পৃথক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এর আগে হরমুজ প্রণালিতে আটক হওয়া আরও দুটি জাহাজকে আইআরজিসি জব্দ করেছে। তবে ওই দুটি জাহাজের পরিচয় বা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও স্পষ্ট করা হয়নি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণ হয়। ফলে এই এলাকায় যেকোনো সামরিক উত্তেজনা দ্রুত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নৌবাণিজ্যে প্রভাব ফেলার ঝুঁকি তৈরি করে।
এ ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও তরল গ্যাস পরিবহন হয়। পরিস্থিতি নিয়ে এখনো ইরানের সামরিক বাহিনী বা সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।