• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ এএম


‘আপনিই আমার সব’, ট্রাম্পকে লেখা সহকারীর চিঠিতে প্রেমের গু’ঞ্জন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ আগস্ট ২০২৬ ১২:১৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ব্যক্তিগত সহকারী ন্যাটালি হার্পের কথিত ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ নিয়ে নতুন করে আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। ৩৫ বছর বয়সী ন্যাটালি ট্রাম্পের নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কটল্যান্ড সফরের সময় তিনি প্রেসিডেন্টকে একটি আবেগঘন চিঠি লিখেছিলেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ড সফরের একপর্যায়ে ট্রাম্পের গলফ কার্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে ন্যাটালি ওই চিঠি লেখেন। এ সময়ের একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে ট্রাম্পের চলন্ত গলফ কার্টের পেছনে ন্যাটালিকে বেশ কিছুটা পথ দৌড়াতে দেখা যায়। ট্রাম্পের ইতিবাচক খবরের আপডেট তার কাছে পৌঁছে দেওয়াই ন্যাটালির অন্যতম প্রধান দায়িত্ব বলে জানা গেছে।

চিঠিতে ন্যাটালি লেখেন, ‘স্কটল্যান্ডের গলফ কোর্সে হাঁটার সময় আমি আপনাকে লজ্জিত করে থাকলে ক্ষমাপ্রার্থী। আমি চাই আমাদের মধ্যকার সম্পর্ক যেন সবসময় অটুট থাকে।’ অতিরিক্ত উদ্বেগের কারণে অনাহারে ও নিদ্রাহীনতায় কাটানোর কথাও চিঠিতে উল্লেখ করেন তিনি। চিঠির শেষে তিনি লেখেন, ‘আমার হৃদয়ের সবটুকু দিয়ে, ন্যাটালি।’

৮০ বছর বয়সী ট্রাম্পের সঙ্গে ন্যাটালি হার্পের সম্পর্ক ও তার আনুগত্য নিয়ে নতুন করে আলোচনা চলার মধ্যেই কথিত এই আবেগঘন চিঠির বিষয়টি সামনে এসেছে। এর আগে ২০২৪ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পরপরই নিউ ইয়র্ক টাইমস ইঙ্গিত দিয়েছিল, ন্যাটালি ট্রাম্পের অত্যন্ত প্রভাবশালী মধ্যস্থতাকারী হয়ে উঠতে পারেন।

এর আগে ন্যাটালির লেখা আরেকটি চিঠির তথ্যও প্রকাশ্যে আসে। সেখানে তিনি লিখেছিলেন, ‘আপনিই আমার কাছে সব, আপনার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।’

হাড়ের ক্যানসারে আক্রান্ত ন্যাটালি ২০১৮ সাল থেকে ট্রাম্পের ঘনিষ্ঠ পরিমণ্ডলে রয়েছেন। ট্রাম্পের কারণে পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ পাওয়ার পর নিজের জীবন রক্ষা পেয়েছে বলে প্রকাশ্যেই কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।

এদিকে ন্যাটালির ভাই প্রেস্টন হার্প সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ও তার বোনের সম্পর্ককে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মন্তব্য করেছেন। তবে তার দাবি, ন্যাটালি ট্রাম্পের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট নন; বরং তিনি এক ধরনের ‘মোহাচ্ছন্নতায়’ ভুগছেন।

/এসএন