• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম


মার্কিন বিমান ভূপাতিতের ঘটনায় ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া

আপডেট টাইম: ১৯ এপ্রিল ২০২৬ ৮:৫৮ পিএম

ইরানের মাটিতে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং দুই বৈমানিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তিনি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানের দাবি তোলেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, খবরটি পাওয়ার পর ট্রাম্প কয়েক ঘণ্টা ধরে হোয়াইট হাউসের কর্মকর্তাদের ওপর চিৎকার করেন। এ সময় তিনি ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা না পাওয়ার অভিযোগও তোলেন।

প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ বৈমানিকদের উদ্ধারে ট্রাম্প এতটাই তৎপর হয়ে ওঠেন যে তিনি ইরানে অবিলম্বে স্থল অভিযান চালানোর নির্দেশ দেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্মরণ করিয়ে দেন, ১৯৭৯ সালের পর থেকে ইরানের ভূখণ্ডে মার্কিন বাহিনীর সরাসরি কোনো স্থল অভিযান পরিচালিত হয়নি।

উদ্ধার অভিযানের সংবেদনশীল পরিস্থিতিতে ট্রাম্পের আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে—এমন আশঙ্কায় তার ঘনিষ্ঠ সহযোগীরা তাকে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুম’ থেকে দূরে রাখেন। কর্মকর্তারা সরাসরি সম্পৃক্ত না রেখে তাকে ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছিলেন।

পরবর্তীতে পরিচালিত অভিযানে নিখোঁজ দুই বৈমানিককেই সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।