ভারতের পশ্চিমবঙ্গে গাড়ি চালানোর অনুশীলনের সময় নতুন গাড়ি নিয়ে পুকুরে পড়ে সুমিত্রা দাস (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) কলকাতার কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালানোর পর পুকুর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পরে গাড়ির ভেতর থেকে সুমিত্রার মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ আগস্ট সুমিত্রা দাসের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবেই তিনি গাড়ি চালানোর অনুশীলন করছিলেন। অনুশীলনের একপর্যায়ে ভুল করে ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলারেটরে চাপ দেন তিনি। এতে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে সরাসরি পুকুরে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পর সুমিত্রা বাড়িতে ফিরে যান। এরপর গ্যারেজ থেকে তার স্বামী কৃষ্ণেন্দু দাসের হুন্দাই ইয়ন গাড়িটি বের করে চালানোর অনুশীলন শুরু করেন। গাড়ি চালানোর সময় হঠাৎ সেটি পুকুরে পড়ে যায় এবং পুরোপুরি পানিতে ডুবে যায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালানোর পর পুকুর থেকে গাড়িটি তুলে আনা হয়। পরে গাড়ির ভেতরে সুমিত্রার মরদেহ পাওয়া যায়।
মরদেহের অবস্থান দেখে উদ্ধারকারীদের ধারণা, গাড়িটি পানিতে ডুবে যাওয়ার সময় সুমিত্রা বের হয়ে আসার চেষ্টা করেছিলেন।
পুলিশ জানিয়েছে, গাড়িটি সুমিত্রার স্বামী কৃষ্ণেন্দু দাস সম্প্রতি কিনেছিলেন। পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, গাড়ি চালানোর অনভিজ্ঞতার কারণে সুমিত্রা ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলারেটরে চাপ দেন। এতে গাড়িটি দ্রুতগতিতে পুকুরের মাঝখানে গিয়ে পড়ে।
পরে সুমিত্রার মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
/এসএন