• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ এএম


দীর্ঘদিন আড়ালে থাকার পর প্রকাশ্যে মোজতবা খামেনি, ভিডিও প্রকাশ মেহেরের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ আগস্ট ২০২৬ ৪:৩০ পিএম

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আড়ালে থেকে তিনি ইরানের নেতৃত্ব ও শাসনব্যবস্থা পরিচালনা করে আসছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

এবার দীর্ঘ বিরতির পর মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মোজতবা খামেনিকে ঘিরে রয়েছেন। এ সময় তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তবে ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। একইভাবে মোজতবা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওটির ধারণের সময় ও স্থান সম্পর্কে মেহের নিউজ কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। এমনকি মোজতবার আশপাশে থাকা ব্যক্তিরাও কারা, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন।

এর প্রতিক্রিয়ায় ইরানও ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

দীর্ঘদিন পর মোজতবা খামেনির উপস্থিতির ভিডিও প্রকাশ্যে আসায় তার শারীরিক অবস্থা এবং বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। মার্চের শুরুর দিকে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।

/এসএন