ভারতের লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বড় ধাক্কা লেগেছে। নারী আসন সংরক্ষণ ও লোকসভার আসন সংখ্যা বৃদ্ধিসংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাস করতে ব্যর্থ হয়েছে সরকার।
প্রস্তাবিত এই বিলটি পাস করতে সংবিধান অনুযায়ী লোকসভায় অন্তত দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন ছিল। তবে ক্ষমতাসীন এনডিএ জোট সেই সমর্থন আদায় করতে পারেনি।
ভোটাভুটিতে বিলটির পক্ষে ২৯৮টি ভোট এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়ে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, বাকি সংশোধনী বিলগুলো নিয়ে আপাতত আর অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংসদে নারী আসন সংরক্ষণ, অর্থাৎ ৩৩ শতাংশ সংরক্ষণ, এবং নির্বাচনি আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র বিতর্ক হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বিরোধীদের বক্তব্যের জবাব দেন এবং এরপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
এর আগে প্রায় আড়াই বছর আগে পাশ হওয়া নারী সংরক্ষণ আইনটি হঠাৎ করেই ১৬ এপ্রিল থেকে কার্যকর করা হয়। ওই আইনে সংসদ ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
তবে সরকারের প্রস্তাবিত সংবিধান সংশোধনী অনুযায়ী, আসন সংরক্ষণ কার্যকর করা হবে নির্বাচনি আসনের সীমানা পুনর্নির্ধারণের পর—যা নিয়েই মূলত রাজনৈতিক মতভেদ তৈরি হয়।