ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত শামসাবাদ শিল্প পার্কে একটি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সংঘটিত এ ঘটনায় আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেহরানের আঞ্চলিক জরুরি পরিষেবার মুখপাত্র শেরবিন তাবরিজি জানান, বিস্ফোরণে আহতদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলের কাছে জরুরি পরিষেবার একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণের সময় সেখানে কোনো কর্মী উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
শামসাবাদ শিল্প পার্কের বোর্ডের সদস্য দাভৌদ জানান, অ্যালুমিনিয়াম উৎপাদন এলাকার একটি কারখানার অভ্যন্তরীণ ট্যাঙ্কে বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর কারখানার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে বিস্ফোরণের কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন জল্পনা-কল্পনা নাকচ করে দিয়েছেন তেহরান প্রদেশের ডেপুটি গভর্নর ও রে কাউন্টির বিশেষ গভর্নর বিজান সোলাইমানপুর।
তিনি বলেন, ঘটনাটি কোনো প্রক্ষেপণ বস্তুর আঘাত বা বাহ্যিক হামলার সঙ্গে সম্পর্কিত নয়। তার ভাষ্য অনুযায়ী, একটি উৎপাদন ইউনিটে শিল্প সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত ট্যাঙ্কে বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
/এএসএফ