• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম


কেশম দ্বীপে পরপর দুই ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে উড়োজাহাজের শব্দ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ নভেম্বর ২০২৬ ৯:৪৫ পিএম

ইরানের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাত, ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

শনিবার (৭ নভেম্বর) তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হেনেছে। এ ছাড়া দ্বীপটির আকাশে উড়োজাহাজের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তবে এসব আঘাতের পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে কোনো সমঝোতা হয়নি বলে ছড়িয়ে পড়া খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম দপ্তর।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় অগ্রগতি আনতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

/এএসএফ