• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম


জেরুজালেম ও গাজা ইস্যুতে জরুরি বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ১০:৫২ পিএম

জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত মর্যাদা, গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিন সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম বিশ্বের একাধিক দেশ। বৈঠকটির আয়োজন করছেন জর্ডানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বৈঠকে তুরস্ক, জর্ডান, ফিলিস্তিন, মিশর, পাকিস্তান, সৌদি আরব, কাতার, ইন্দোনেশিয়া, বাহরাইন, ইরাক, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, সোমালিয়া ও মালয়েশিয়ার জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া আরব লিগের মহাসচিবও বৈঠকে উপস্থিত থাকবেন।

বৈঠকে জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত মর্যাদা সংরক্ষণ, অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি, আন্তর্জাতিক আইনের পরিপন্থি হিসেবে বিবেচিত ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ, গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া, ফিলিস্তিন ইস্যুর সাম্প্রতিক অগ্রগতি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৈঠকে মুসলমানদের কাছে জেরুজালেমের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরবেন। একই সঙ্গে তিনি শহরটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদা রক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব বলে গুরুত্বারোপ করবেন।

/এএসএফ