• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ এএম


জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৮:৪৯ এএম

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কুমামোতো জেলা। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চলছে এবং আটকে পড়াদের জীবিত উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমামোতো জেলার সাগরপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের উৎপত্তিস্থল সাগরের অগভীর অংশে হওয়ায় এর কম্পন বিস্তীর্ণ এলাকায় তীব্রভাবে অনুভূত হয়। এতে কুমামোতো জেলার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

/বিএসএস