• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম


ট্রাম্পের সাথে সম্পর্কের ব্যাপারে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ৭:৪৮ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শীর্ষ নেতৃত্বের যোগাযোগ এবং সম্ভাব্য সুবিধা আদান-প্রদানের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে কংগ্রেসে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) ইনফান্তিনোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে ট্রাম্প, তার সহযোগী এবং ফিফার মধ্যে উপহার, আর্থিক লেনদেন ও অন্যান্য সুবিধা-সংক্রান্ত তথ্য চাওয়া হয়। এছাড়া নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে গত বছর চালু করা ফিফার কার্যালয়ের দর্শনার্থী তালিকা এবং ২০২৬ বিশ্বকাপের বহুল আলোচিত ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতিতে টিকিট বিক্রির বিস্তারিত তথ্য আগামী ৯ আগস্টের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

তবে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় রিপাবলিকানদের সমর্থন ছাড়া ইনফান্তিনোকে বাধ্যতামূলকভাবে তলব করার ক্ষমতা জেমি রাসকিনের নেই।

সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ চলাকালে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রভাবে প্রত্যাহার, ট্রাম্পকে বিশেষ ‘ফিফা পিস প্রাইজ’ প্রদান এবং ট্রাম্প টাওয়ারে ফিফার কার্যালয় স্থাপন নিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

নিউইয়র্ক ইউনিভার্সিটির এক আইন বিশেষজ্ঞ ও ফিফার সাবেক নৈতিকতা কমিটির এক সদস্য এই সম্পর্ককে ‘বৈধ ঘুষ’ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া ডাইনামিক প্রাইসিংয়ের মাধ্যমে সমর্থকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে ফিফার বিরুদ্ধে।

এদিকে এসব সমালোচনার জবাবে সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অভিযোগগুলোকে ‘বিদ্বেষ ও মিথ্যা তথ্য’ বলে দাবি করেছেন। বিশ্লেষকদের মতে, আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে এই তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এদিকে ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের কথিত ভূমিকা নিয়ে ফিফার নৈতিকতা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে নরওয়ে ফুটবল ফেডারেশন।

/এএসএফ