• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ এএম


২ ইসরায়েলি সেনা নিহতের ঘটনায় পশ্চিম তীরে তান্ডব চালাচ্ছে ইসরায়েল!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৭:৫৩ এএম

শনিবার গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, গাজায় পৃথক হামলায় অন্তত দুজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। একই দিনে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া বসতি স্থাপনকারীদের হামলায় আরও আটজন আহত হয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের শেখ রাদওয়ান এলাকায় একটি ড্রোন হামলায় উত্তর গাজার পুলিশ প্রধান আবদুল নাসের মোহাম্মদ আল-মাকাদমা (৫৪) নিহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, একটি সাইকেল লক্ষ্য করে চালানো হামলায় তিনি প্রাণ হারান।

এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় আল-আকসা শহীদ হাসপাতালের বাইরে একটি জমায়েতে বিমান হামলায় ১১ জন আহত হয়েছেন। আল-জাওয়াইদা এবং উত্তর গাজার আবু শারখ চত্বরের কাছে পৃথক হামলায় আরও তিনজন গুরুতর আহত হন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, ১৪ জুলাই ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা ইয়ামেন ওবেদ শনিবার মারা গেছেন।

অন্যদিকে, ফিলিস্তিনি সংবাদমাধ্যম ও রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৭০ জনকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে নাবলুসের পশ্চিমে তেল শহর থেকে ৪০ জনের বেশি যুবককে আটক করা হয়েছে। এছাড়া রামাল্লা ও আল-বিরেহ থেকে ১৩ জন, হেবরন থেকে আটজন, জেনিন থেকে অন্তত ১১ জন এবং বেথলেহেম থেকে তিনজনকে আটক করা হয়েছে।

এদিকে কালকিলিয়ার পূর্বে ফারাতা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এর আগে অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত ও তিনজন আহত হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদারের নির্দেশ দেন। এরপর নাবলুসের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার তেল শহরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলি হামলায় ১ হাজার ১৯১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৮৫৩ জন আহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এ সময় উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

/এএসএফ