ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন জ্বালানি বিভাগ ও সৌদি আরব ইতোমধ্যে ৩০ বছর মেয়াদি এবং বহু বিলিয়ন ডলারের একটি পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেছে। তবে শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, এই চুক্তির সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত শুরু থেকেই যুক্ত ছিল।
ট্রাম্প বলেন, মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এবং সৌদি কর্তৃপক্ষ উভয়ই আগে থেকেই জানতেন যে চুক্তিটি কার্যকর হওয়ার ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাম্পের এই বক্তব্যের পর সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দেশটি দীর্ঘদিন ধরেই বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই পারমাণবিক প্রকল্প মার্কিন ঠিকাদারদের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। পাশাপাশি সেখানে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হবে না। ফলে এই প্রকল্পের মাধ্যমে পারমাণবিক অস্ত্র বিস্তারের কোনো সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগসংক্রান্ত এই চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে।
/এসএন