ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। রাজধানীর যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও সাধারণ মানুষ অনলাইনে খাবার ও পানীয় পাঠাচ্ছেন।অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি, জোম্যাটো ও জেপ্টোর মাধ্যমে এসব অর্ডার করা হচ্ছে।
তবে কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে নয়, গ্রাহকরা ডেলিভারি কর্মীদের নির্দেশ দিচ্ছেন যেন খাবারগুলো সরাসরি যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করে দেওয়া হয়।ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সুইগির ডেলিভারি কর্মী প্রদীপ কুমার সিং জানান, যন্তর মন্তর এখন এ ধরনের অর্ডারের নিয়মিত গন্তব্যে পরিণত হয়েছে। অনেক গ্রাহক সামুচাসহ বিভিন্ন ধরনের খাবার অর্ডার করে শুধু বলে দেন, সেগুলো যেন সেখানে থাকা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়।শুধু ভারতের বিভিন্ন অঞ্চল থেকেই নয়, বিদেশ থেকেও আন্দোলনকারীদের জন্য খাবার পাঠানো হচ্ছে।
আরেক ডেলিভারি কর্মী মহেন্দ্র কুমার জানান, তিনি এক বিদেশি গ্রাহকের পাঠানো চায়ের অর্ডার আন্দোলনস্থলে পৌঁছে দিয়েছেন। অনেক ক্ষেত্রেই প্রেরকের পরিচয় গোপন রাখা হচ্ছে, ফলে ডেলিভারি কর্মীরাও জানতে পারছেন না কারা এসব সহায়তা পাঠাচ্ছেন।খাদ্য সরবরাহের এই ব্যতিক্রমী উদ্যোগকে ডেলিভারি কর্মীরা ‘স্টুডেন্ট সার্ভিস’ হিসেবে উল্লেখ করছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি এ ধরনের সমর্থন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিদিন শত শত অনলাইন অর্ডার আন্দোলনের ময়দানে পৌঁছানোয় শিক্ষার্থীরা উল্লেখযোগ্য জনসমর্থন পাচ্ছেন।অন্যদিকে আন্দোলনকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে দিল্লি পুলিশ। সিজেপির ডাকা এই বিক্ষোভকে ঘিরে এখন পর্যন্ত ১০টি এফআইআর দায়ের করা হয়েছে।
এর মধ্যে পার্লামেন্ট স্ট্রিট থানায় চারটি, কনট প্লেস থানায় তিনটি এবং মন্দির মার্গ, বারাখাম্বা রোড ও কর্তব্য পথ থানায় একটি করে মামলা হয়েছে।বিক্ষোভের তীব্রতা বাড়ায় দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বিরোধী দলগুলোর নেতাকর্মীরাও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সব মিলিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন বর্তমানে দিল্লির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
/বিএসএস