মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বা সার্বভৌমত্ব দখলের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। তবে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন কঠোর অবস্থান বজায় রাখবে।
ট্রাম্প আরও বলেন, ইরান এখনই আলোচনায় আগ্রহ না দেখালেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক কোনো জাহাজে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দেবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন নিরাপত্তা ব্যবস্থার আওতায় চলতি বছরের মে মাসের শুরু থেকে প্রায় ৯০০টির বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক ও কূটনৈতিক নেতারা বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে।
দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান ও হুঁশিয়ারির ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
/এএসএফ