ছবি এআই
জাপানের নাগোয়া শহরে একটি ১২ তলা ভবন থেকে এক যুবক নিচে পড়ে এক নারী পথচারীর ওপর আছড়ে পড়ার ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গত রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ২৩ বছর বয়সী ওই নারী নিহত হয়েছেন। অন্যদিকে, ওপর থেকে পড়ে যাওয়া যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাপানের ব্যস্ত নগর এলাকায় ওপর থেকে পড়ে পথচারীর মৃত্যুর সাম্প্রতিক সময়ের অন্যতম বিয়োগান্তক ঘটনা হিসেবে এটি বিবেচিত হচ্ছে।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম হোরা ইনাবা। রোববার রাত ১টার দিকে তিনি এক বন্ধুর সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় ২৯ বছর বয়সী শিনসেই তাগুচি ভবনের ওপর থেকে সরাসরি তার ওপর পড়ে যান। ঘটনাটি ঘটে নাগোয়া সিটি সাবওয়ের ইয়াবাচো স্টেশনের কাছের একটি অফিস ও আবাসিক এলাকায়।
দুর্ঘটনার পর ইনাবার সঙ্গে থাকা বন্ধু পুলিশকে খবর দেন। তিনি জানান, ওপর থেকে একজন ব্যক্তি তার বন্ধুর ওপর পড়ে গুরুতর আহত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেমোরেজিক শকে (রক্তক্ষরণজনিত অভিঘাত) আক্রান্ত হয়ে ভোর সাড়ে ৫টার দিকে হোরা ইনাবার মৃত্যু হয়। অন্যদিকে, ওপর থেকে পড়ে যাওয়া শিনসেই তাগুচি এখনো অচেতন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
তদন্তকারী কর্মকর্তারা এখনো নিশ্চিত হতে পারেননি, তাগুচি দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে গিয়েছিলেন, নাকি আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছিলেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জাপানে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও দেশটিতে ওপর থেকে পড়ে পথচারীর মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। ২০২৪ সালের আগস্টে ইয়োকোহামা স্টেশনের পাশের একটি ভবন থেকে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী নিচে পড়ে গেলে ৩২ বছর বয়সী এক নারী পথচারী নিহত হন।
এ ছাড়া ২০২০ সালের অক্টোবরে ওসাকার একটি বাণিজ্যিক ভবন থেকে এক কিশোর ঝাঁপ দিলে তিনি নিচে থাকা ১৯ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ওপর আছড়ে পড়েন। ওই ঘটনায় দুজনই প্রাণ হারান।
ঘনবসতিপূর্ণ এবং বহুতল ভবনে ঘেরা জাপানের বড় শহরগুলোতে এ ধরনের ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।
/এসএন