• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:২২ এএম


৫০ বারের চেষ্টায়ও পাননি সরকারি চাকরি, ‘স্যরি বাবা’ লিখে আত্মহত্যা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ১১:২৯ এএম

ভারতের উত্তর প্রদেশের কানপুরে সরকারি চাকরি না পাওয়ার হতাশায় ২৩ বছর বয়সী এক প্রকৌশল স্নাতক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত তরুণের নাম আনন্দ। তিনি অ্যাকাডেমিক পড়াশোনা শেষ করে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

আনন্দ ২০২৪ সালে বেসরকারি প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান পিএসআইটির (PSIT) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বি-টেক সম্পন্ন করেন। একই বছরে তিনি বিভাগে প্রথম এবং উত্তর প্রদেশে তৃতীয় স্থান অর্জন করেন।

এ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের ১৩ আগস্ট কলেজের এক অনুষ্ঠানে তাকে স্বর্ণপদক প্রদান করা হয়।তবে পরিবারের দাবি এবং পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বারবার চেষ্টা করেও সরকারি চাকরি না পাওয়ার হতাশা তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে।পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে কক্ষের দরজায় সাড়া না পেয়ে গৃহকর্মী প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আনন্দের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে পাঁচ লাইনের একটি হাতে লেখা চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি লিখেছেন, “সরি, বাবা। সরকারি চাকরি পাওয়ার জন্য প্রায় ৫০ বার চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও।”পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শনিবার সন্ধ্যায় ভৈরব ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

/বিএসএস