• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ এএম


ইরানের ড্রোন হামলায় ইরাকে আরও এক মার্কিন সেনা নিহত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৯:১৭ এএম

উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণে একজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, নিহত সেনা সদস্য ১৮ জুলাই প্রাণ হারান। ভূপাতিত ইরানি ড্রোনের অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র নিরাপদে ধ্বংস করার সময় এই নিয়ন্ত্রিত বিস্ফোরণের ঘটনা ঘটে।সর্বশেষ এই মৃত্যুর ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের সময় ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ‘শাহেদ’ একমুখী আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি শাহেদ ড্রোন তৈরিতে প্রায় ৩০ হাজার মার্কিন ডলার ব্যয় হয়। অন্যদিকে এসব ড্রোন প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রতিটির মূল্য কয়েক মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। তাছাড়া এসব ক্ষেপণাস্ত্র সব সময় লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করতেও সক্ষম হয় না।এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের সিরিক শহরের কাছে এবং ইরাক সীমান্তসংলগ্ন শাদেগান এলাকায় হামলা চালিয়েছে।

পরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবাদান এলাকায়ও একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দারখোভিনে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা হামলার খবর তদন্ত করছে এবং সংশ্লিষ্ট কেন্দ্রটি এখনো নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে।অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, এসব হামলার জবাবে ইরান কুয়েতের আল-আদিরি ক্যাম্প ও আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

কুয়েত সরকার জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো একটি লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে এবং দেশটি ঘটনাটিকে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি হামলা হিসেবে উল্লেখ করেছে।এদিকে বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি হামলা প্রতিহত করেছে। একই সঙ্গে জর্ডানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সাম্প্রতিক হামলার প্রতিবাদে জর্ডান ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

/বিএসএস