যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নজিরবিহীন ও সরাসরি হুমকিমূলক মন্তব্য করেছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে ইসলামি প্রজাতন্ত্র ইরান হোয়াইট হাউজের ভেতরে প্রবেশ করেই ট্রাম্পের ক্ষতি করার সক্ষমতা রাখে।
সম্প্রতি ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ফারারু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কানানি মোকাদ্দাম বলেন, ট্রাম্পকে হত্যা করাই যদি লক্ষ্য হয়, তাহলে ইরানের পক্ষে তা বাস্তবায়ন করা কঠিন নয়। তাঁর ভাষ্য, যখনই প্রয়োজন হবে, ইসলামি প্রজাতন্ত্র ইরান সেই সক্ষমতা প্রদর্শন করতে পারবে।এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন আইআরজিসির এই সাবেক কমান্ডার। তিনি বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা নয়।
বরং উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিপরীতে ইরানের দাবি ও অবস্থান তুলে ধরাই আলোচনার মূল লক্ষ্য।কানানি মোকাদ্দাম আরও বলেন, ট্রাম্প এবং তাঁর ভাষায় ‘অপরাধী সহযোগীদের’ সঙ্গে শান্তির উদ্দেশ্যে ইরান আলোচনায় বসেনি। তাঁর দাবি, আলোচনার মাধ্যমে ইরান নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগগুলোর জবাব দিতে চায়। একই সঙ্গে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও ইরানের বিবেচনায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
/বিএসএড