• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:৩০ এএম


পাকিস্তানে প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে ১০ জনের মৃত্যু!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ১০:২০ এএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলার লাচি তহসিলের মালগিন এলাকায় ভারী বৃষ্টির কারণে একটি বাড়ির ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৩ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাড়িতে একটি শিশুর জন্মদিন উদযাপন উপলক্ষে স্বজন ও প্রতিবেশীরা একত্রিত হয়েছিলেন। এ সময় প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ ছাদ ধসে পড়লে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজন আহত ব্যক্তিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

হতাহতদের চিকিৎসার সুবিধার্থে কোহাট জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রক্তদানেরও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে। তবে টানা ভারী বৃষ্টিতে এলাকায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো মূল্যায়ন করা হচ্ছে।

/এএসএফ