ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে এক মুসলিম যুবককে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এক হিন্দু নারী বন্ধুর সঙ্গে স্থানীয় একটি খাবারের দোকানে বসে থাকার সময় কয়েকজন ব্যক্তি তাদের পরিচয় জানতে চান। এরপর মুসলিম যুবক মোহাম্মদ মেহতাবের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশে দায়ের করা এফআইআরের বরাতে জানা গেছে, শামলি জেলার বাসিন্দা ওই নারী গত ১২ জুলাই বন্ধু মোহাম্মদ মেহতাবের সঙ্গে ওষুধ কিনতে মুজাফফরনগরে যান। পরে জেলা পরিষদ মার্কেটের কাছে একটি দোকানে চোলে-ভাটুরে খাওয়ার সময় একদল যুবক তাদের নাম-পরিচয় জানতে চায়।
অভিযোগে বলা হয়েছে, পরিচয় জানার পর মোহাম্মদ মেহতাবকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে ওই নারীও লাঞ্ছনার শিকার হন। অভিযোগ অনুযায়ী, তার সঙ্গে অশালীন আচরণ করা হয় এবং গালিগালাজ করা হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সূত্র: ভারতীয় পুলিশে দায়ের করা এফআইআর ও স্থানীয় সংবাদমাধ্যম
/এএসএফ