• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম


উত্তপ্ত ভারতের মণিপুর, ছড়িয়ে পড়েছে সহিংসতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৫:২৮ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতার ঘটনা সামনে এসেছে। নতুন করে ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, কুকি সম্প্রদায়ের হামলায় মেইতেই সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গেলে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

ক্ষতিগ্রস্তদের দাবি, এতে এলাকায় আতঙ্ক আরও বেড়ে গেছে।এদিকে, চলতি বছরের শুরুতে অপহৃত ১৮ জনের মধ্যে কয়েকজনের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সম্প্রতি ওই দেহাবশেষের অবশিষ্ট অংশ উদ্ধার হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, জাতিগত বিরোধ, বিচ্ছিন্নতাবাদী তৎপরতা এবং সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ—এই তিনটি বিষয় মণিপুরের সংকটকে আরও গভীর করছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় কর্তৃপক্ষকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।উল্লেখ্য, ২০২৩ সালে মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতির মর্যাদার দাবিকে কেন্দ্র করে কুকি সম্প্রদায়ের সঙ্গে সংঘাতের সূত্রপাত হয়। পরে সেই সংঘাত রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দীর্ঘস্থায়ী এই সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ২৬০ জন নিহত হয়েছেন এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

/বিএসএস