• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম


‘আমাকে হ’ত্যা করা হলে হাজার হাজার ক্ষেপ’ণাস্ত্র ছোড়া হবে’—ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ৮:৪১ পিএম

ইরানের হাতে নিহত হলে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ইরানের সম্ভাব্য হত্যার পরিকল্পনার দাবি সামনে আসার পর তিনি এ মন্তব্য করেন।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ জুলাই) ট্রাম্প জানান, ইরান যদি তাকে গুপ্তহত্যা করে, সেক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে কিছু ব্যানার প্রদর্শনের প্রসঙ্গ টেনেই তিনি এ মন্তব্য করেন।

মার্কিন এই ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অনেক দিন ধরেই তাদের তালিকায় আছি। আমাদের এই বিষয়টা সামলাতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তবে মূল বিষয়টি হলো, আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি—যদি আমার কিছু হয়, তাহলে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনও দেখেনি।’

ট্রাম্পের দাবি, তেহরান বহু বছর ধরেই তাকে হত্যার চেষ্টা করে আসছে।

সাক্ষাৎকারের শেষদিকে তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।’

এদিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানকে লক্ষ্য করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে ইরান সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট—এই ক্ষেত্রে আমাকে—হত্যা বা হত্যার চেষ্টা করার যে হুমকি দিয়েছে, তারা যদি সেটি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’

তিনি আরও দাবি করেন, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে। প্রয়োজন হলে সেই নির্দেশনার মেয়াদ বাড়ানো হতে পারে। অন্তত এক বছরের জন্য মার্কিন সামরিক বাহিনী ইরানের সব এলাকায় সম্পূর্ণ ধ্বংসাত্মক হামলা চালাতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সিএনএনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে যে, ইরান সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা তৈরি করেছিল। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের এমন গোয়েন্দা দাবি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

ইসরায়েলের দুটি সূত্রের দাবি, চলতি সপ্তাহেই এ ধরনের তথ্য পাওয়া গেছে। এছাড়া আরেকটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের পক্ষ থেকে আসা এই তথ্য নতুন বলে উল্লেখ করা হয়েছে।

/এসএন