• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম


ইরানের ওপর ফের মার্কিন হামলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১২:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী দাবি করেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে তাদের সর্বশেষ দফার বিমান হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৮ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিশেষ বিবৃতিতে জানায়, অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁত যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইরানের অভ্যন্তরে ৮০টির বেশি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় অঞ্চলের কৌশলগত রাডার স্টেশন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব স্থাপনা ধ্বংসের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের ধাক্কা দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য করিডোর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরানের হামলার সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে হরমুজ প্রণালীর ভেতরে ও আশপাশে অবস্থান করা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ৬০টির বেশি ছোট যুদ্ধজাহাজ ও স্পিডবোটের ওপর একযোগে হামলা চালানো হয়েছে বলে সেন্টকম জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের মধ্য দিয়ে প্রবাহিত বৈশ্বিক বাণিজ্যের ওপর ইরানের ক্রমাগত আক্রমণ করার ক্ষমতাকে হ্রাস করতেই’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টকম আরও দাবি করেছে, গত মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় তিনটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের চালানো কথিত অবৈধ হামলার সরাসরি জবাব হিসেবেই এই পাল্টা বিমান হামলা পরিচালনা করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগের বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার দায় তেহরান স্বীকার বা অস্বীকার—কোনোটিই করেনি।

সূত্র: আল জাজিরা

/এসএন