যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের পথে ইসরায়েল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক।
শনিবার (৪ জুলাই) ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।
এরদোয়ান বলেন, ‘আমরা জানি এই মধ্যস্থতা প্রক্রিয়া সহজ ছিল না। পুরো প্রক্রিয়াজুড়েই নানা ধরনের জটিলতা ও চ্যালেঞ্জ ছিল।’
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা কার্যকর হওয়ার আগেই সেটিকে দুর্বল ও ভণ্ডুল করার চেষ্টা করছে ইসরায়েল।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টায় তুরস্ক সহায়তা দিতে প্রস্তুত।’
একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো চেষ্টা থেকে বিরত থাকা উচিত।
এরদোয়ানের ভাষায়, ‘সিরিয়া ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের ওপরই ইসরায়েলের টিকে থাকা নির্ভর করছে।’
/এএসএফ