তুরস্কের ভূয়সী প্রশংসা করে দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘মহান (গ্রেট) মিত্র’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দুই দেশের মধ্যে চমৎকার বোঝাপড়া ও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ট্রাম্প।
সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ন্যাটো শীর্ষ সম্মেলন আঙ্কারায় অনুষ্ঠিত হওয়ায় তিনি এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, তুরস্ক ইরানকে খুব ভালোভাবে চেনে এবং মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতি মোকাবিলায় দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইসরায়েলকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, কেউ কেউ ধারণা করেছিলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কারণে তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তবে শেষ পর্যন্ত তারা সেই পথে যায়নি।
ট্রাম্পের ভাষায়, “তুরস্ক অত্যন্ত শক্তিশালী একটি সামরিক শক্তির দেশ। তারা যুদ্ধে জড়ায়নি। হয়তো আমার কারণেই তারা তা করেনি। তবে চাইলে তারা অন্য পক্ষ হয়ে এই সংঘাতে অংশ নিতে পারত।”
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বিশ্বের অনেক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং তুরস্ক তাদের মধ্যে অন্যতম।
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে এমন এক ধরনের বোঝাপড়া ও রসায়ন রয়েছে, যা খুব ভালোভাবে কাজ করে।”
সূত্র: আলজাজিরা
/এএসএফ