• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম


দায়িত্ব নিয়েই ৭১৭টি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ১১:৩৭ এএম

ভারতের তামিলনাড়ু রাজ্যে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর সরকারের প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।রাজ্য পরিচালিত তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। সরকার জানিয়েছে, জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।গত মাসের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে সরকার গঠন করে অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)।

১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ‘মাদকাসক্তিমুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ শুরু করেন তিনি।যদিও রাজ্যের বড় একটি রাজস্ব আসে টাসম্যাকের মদের বিক্রি থেকে, তবুও এই সিদ্ধান্ত সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহলেও ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। ২০২৫ সালে টাসম্যাক থেকে রাজ্যের আয় হয়েছিল প্রায় ৪৮ হাজার কোটি রুপি।এর আগে টাসম্যাককে ঘিরে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগও সামনে আসে। গত বছর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্পোরেশনটির বিভিন্ন কার্যালয়ে অভিযান চালায়।

/বিএসএস