• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম


চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুন ২০২৬ ৮:২৩ পিএম

মার্কিন মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির মাত্র একদিন পরই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ লেবাননের পরিস্থিতি। শনিবার (২৭ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের কৌশলগত এলাকা নাবাতিহে একটি ইসরাইলি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।

চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সংঘটিত এই হামলা সীমান্তে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নাবাতিহ আল-ফাওকা এলাকার ব্যস্ত ‘ফারাহ অ্যামিউজমেন্ট পার্ক ইন্টারসেকশন’কে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়।

তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন।

গত কয়েক মাস ধরে লেবানন-ইসরাইল সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মধ্যে প্রায় প্রতিদিনই রকেট ও বিমান হামলার ঘটনা ঘটছিল। সংঘাতের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, যেকোনো সময় তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

এমন পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা প্রশমন এবং একটি নিরাপদ বাফার জোন গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে শুক্রবার (২৬ জুন) উভয় পক্ষ একটি নিরাপত্তা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে।

তবে চুক্তির পরদিনই সংঘটিত এই ড্রোন হামলা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কোনো ভুল বোঝাবুঝির ফল, নাকি চুক্তির শর্ত লঙ্ঘনের পরিকল্পিত পদক্ষেপ— সেই প্রশ্ন এখন সামনে এসেছে।

শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছিল, এই হামলা তা বড় ধরনের সংকটে ফেলতে পারে বলেও মনে করছেন তারা।

এদিকে হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা ব্যাখ্যা দেওয়া হয়নি।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ